সাংবাদিক গৌতম হত্যায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
দৈনিক সমকালের ফরিদপুর ব্যুরো প্রধান গৌতম দাস হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবু তাহের মো. মূর্তজা এহসান ওরফে অ্যাপোলো বিশ্বাসকে (৩৮) পুলিশ গ্রেপ্তার করেছে।
সোমবার রাত ১০টার দিকে শহরের আলীপুরের বান্ধবপল্লী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক(এসআই) মো. নাসিরউদ্দিন জানান, মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হবে।
গত ২৭ জুন ঢাকার একটি আদালত এই মামলার নয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
রায় ঘোষণার সময় অপর আসামিরা আদালতে উপস্থিত থাকলেও অ্যাপোলো হাইকোর্ট থেকে জামিন নিয়ে পলাতক ছিলেন।
২০০৫ সালের ১৭ নভেম্বর ফরিদপুর শহরের মুজিব সড়কের নিজ কার্যালয়ে সাংবাদিক গৌতম দাসকে গলায় নাইলনের রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। সাত বছর পর ওই মামলায় ১০ আসামির নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। মামলা চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে আসামি জাহিদের মৃত্যু হয়।
