কাশিমপুর কারাগারে বন্দির মৃত্যু
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে মঙ্গলবার সকালে এক বন্দির মৃত্যু হয়েছে।
মৃত মো. আশরাফ আলী (৫৫) ময়মনসিংহের ধোবাউড়ার ওমর আলীর ছেলে। তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
হাইসিকিউরিটি কারাগারের জেল সুপার মো. আব্দুর রাজ্জাক জানান, ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে প্রায় এক বছর আগে আশরাফ আলীকে এ কারাগারে স্থানান্তর করা হয়েছে।
মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে অসুস্থ হয়ে পড়লে কারাকর্তৃপক্ষ তাকে উদ্ধার করে প্রথমে কারা হাসপাতালে এবং পরে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সকাল সোয়া ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসক তপন কান্তি সরকার জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা সম্ভব হবে।
