২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শিবিরের ভাংচুর, আটক ৫

জামায়াতে ইসলামীর হরতালের আগের দিন চট্টগ্রামে ইসলামী ছাত্র শিবিরের মিছিল থেকে গাড়ি ভাংচুর ও হাতবোমা ফাটানো হয়েছে। এ সময় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2013, 09:27 PM

Updated : 25 Apr 2022, 07:06 PM

সোমবার দুপুরে নগরীর হালিশহর থানার বড়পুল এলাকায় এ ঘটনা ঘটে।

আটক পাঁচজন হলেন- মো. শাহেদ আহমেদ মিঠু (২৭), আবু তাহের (২৬), মো. মিনহাজ, সাইদুল ইসলাম, মো. ইকরামুল হক রাব্বি (১৮)।

এদের মধ্যে মিনহাজ হাতবোমার স্প্লিন্টারে আহত হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে হালিশহর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুমন তালুকদার জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, আটকদের মধ্যে তাহের চট্টগ্রাম কলেজের মাস্টার্স, ইকরামুল সরকারি কমার্স কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।

এছাড়া মিনহাজ নগরীর এমইএস কলেজ থেকে এবং সাইদুল মোস্তফা হাকিম ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন। 

তদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করার প্রস্তুতি চলছে বলে এএসআই সুমন জানান।

হালিশহর থানার ওসি শাহজাহান কবীর বলেন, “বেলা দেড়টার দিকে কিছু শিবির কর্মী জড়ো হয়ে ঝটিকা মিছিল বের করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে তারা গাড়ি ভাংচুর শুরু করে।”

এ সময় তিন থেকে চারটি হাতবোমা ফাটানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া দিলে শিবির কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায় বলে জানান ওসি।

গত ১ অগাস্ট হাই কোর্টের রায়ে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণার পর ১৩ ও ১৪ অগাস্ট সারা দেশে এই হরতাল ডাকে একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দলটি।

হরতালের সমর্থনে সোমবার রাজধানীর বিভিন্ন স্থানে মিছিলের চেষ্টা করে জামায়াত-শিবির কর্মীরা।