দর্শনায় পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ ‘সন্ত্রাসী’ নিহত
চুয়াডাঙ্গার দর্শনায় পুলিশের কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছে।
সোমবার ভোররাতে নিহত বিল্লাল (৪২) তালিকাভুক্ত সন্ত্রাসী বলে পুলিশ জানিয়েছে।
দর্শনা পৌর এলাকার দক্ষিণচাঁদপুর গ্রামের বিল্লালের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর ও দামুড়হুদা থানায় খুন, চাঁদাবাজি, অস্ত্র ও ছিনতাইয়ের অভিযোগে ডজনখানেক মামলা রয়েছে।
রাত ৪টার দিকে দর্শনার উজলপুর মাঠের একটি বাগানে বিল্লাল মারা যান বলে দামুড়হুদা থানার ওসি আহসান হাবীব সাংবাদিকদের জানিয়েছেন।
তিনি বলেন, সহযোগীদের সঙ্গে বিল্লালের বৈঠকের খবর পেয়ে পুলিশ ওই বাগানে অভিযানে যায়।
“পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। পুলিশও তখন পাল্টা গুলি চালায়। কয়েক রাউন্ড গুলি বিনিময়ের পর দুর্বৃত্তরা পালিয়ে গেলে ঘটনাস্থলে বিল্লালের লাশ পাওয়া যায়।”
ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, দুটি বোমা ও দুটি রামদা উদ্ধার করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।
