২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় নিহত শিশুর লাশ নিয়ে সিরাজগঞ্জে বিক্ষোভ

সিরাজগঞ্জের সলঙ্গায় দুর্ঘটনায় নিহত এক শিশুর লাশ নিয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছে গ্রামবাসী।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2013, 06:37 PM

Updated : 13 Oct 2022, 02:55 PM

রোববার সকালে ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক দুর্ঘটনা রোধে ও পাচলিয়া বাজারে সড়ক প্রতিবন্ধক নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। এ সময় সড়কের দু’পাশে শত শত যানবাহন আটকা  পড়ে।

পাচলিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে ও প্রথম শ্রেণির ছাত্র মারুফকে (৬) চাপা দেয় একটি ট্রাক।

আহতবস্থায় প্রথমে তাকে সিরাজগঞ্জের একটি ক্লিনিকে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় ফারুক মারা যায়।

অবরোধ চলাকালে সলঙ্গা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ও হাটিকুমরুল  ইউপি চেয়ারম্যান হেদায়েতুল আলম, হাটিকুমরুল ইউনিয়র যুবদলের সধারণ সম্পাদক আতিকুর রহমান হেলাল, থানা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক সোহেল রানা, ব্যাংক কর্মকর্তা আল-আমিন ও সমাজসেবক আরাফাত রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

পরে স্থানীয় সরকার দলীয় সংসদ সদস্য গাজী শফিকুল ইসলাম শফি ঘটনাস্থলে পৌঁছে দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে লোকজন অবরোধ উঠিয়ে নেয়।