বিআরটিসির ৩৩টি বাস নামছে
ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ সামাল দিতে গাবতলী ও মহাখালী থেকে বিভিন্ন জেলায় ৩৩টি বাস নামছে।
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার গাবতলী বাস টার্মিনালে অপেক্ষমান যাত্রীদের দেখে তাৎক্ষণিকভাবে সরকারি সংস্থার বাসগুলো নামাতে কর্মকর্তাদের নির্দেশ দেন।
বিআরটিসির পরিচালক(প্রশাসন) নিখিল রঞ্জন রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘রিজার্ভ’ ১০০টি বাস থেকে ৩৩টি মহাখালী ও গাবতলী এলাকার যাত্রীদের জন্য নামানো হচ্ছে।
এই ৩৩টির মধ্যে ১৫টি ৭৪ আসনের ডাবল ডেকার, ১৫টি ৫২ আসনের এবং ১০৮ আসনের তিনটি আর্টিকুলেটেড বাস।
নিখিল রায় বলেন, এসব বাস আরিচা, রংপুর, যশোর, নেত্রকোনা, বগুড়া, টাঙ্গাঈল, চট্টগ্রাম, সিলেটসহ বিভিন্ন এলাকার যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেবে।
ঈদকে সামনে রেখে বিআরটিসি রমজানের শুরু থেকেই ঢাকার বাইরে যাত্রী পরিবহনের জন্য ৫০০টি বাস ছেড়েছে বলে তিনি জানান।
ঈদের আগে যদি প্রয়োজন হয়, তবে রিজার্ভের বাকি ৬৭টি বাসও যাত্রী বহনে নামাতে মন্ত্রীর নির্দেশ রয়েছে বলে বিআরটিসি কর্মকর্তা জানান।
বৃহস্পতিবার চাঁদ দেখা গেলে শুক্রবার দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। আর না দেখা গেলে ঈদ একদিন পিছিয়ে যাবে।
ঈদের আগের বৃহস্পতিবার রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রীদের ব্যাপক ভিড় দেখা যায়। বাস না পেয়ে যেমন ভোগান্তি ছিল অনেকের, তেমনি বিভিন্ন মহাসড়কে যানজটের দুর্ভোগও ছিল।
