২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকল্প প্রেসে আমার দেশ প্রকাশ নিয়ে রুল

বিকল্প ছাপাখানায় আমার দেশ প্রকাশে ‘বাধা দেয়াকে’ কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2013, 03:14 PM

Updated : 23 Aug 2022, 06:41 PM

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ মঙ্গলবার এই রুল জারি করে।

স্বরাষ্ট্র সচিব, তথ্য সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট, সহকারী জেলা ম্যাজিস্ট্রেট (প্রিন্টিং), রমনা ও তেজগাঁও থানার ওসিকে দুই সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে হবে।

বিকল্প হিসাবে জামায়াতের মুখপত্র দৈনিক সংগ্রামের আল ফালাহ প্রেস থেকে আমার দেশ ছাপানো বন্ধ করে দেয়ার পর আমার দেশ পাবলিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজা মাহমুদ এই রিট আবেদন করেন।

আদালতে তার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। তাকে সহায়তা করেন মো. সালেহ উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহাঙ্গীর আলম।

সালেহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১১ এপ্রিল পুলিশ আমার দেশের প্রেস বন্ধ করে দেয়ার পর ১২ ও ১৩ এপ্রিলের পত্রিকা ছাপা হয় আল ফালাহ প্রেস থেকে। ১৩ এপ্রিল রাতে পত্রিকা ছাপার সময় পুলিশ বাইন্ডারদের গ্রেপ্তার করে পত্রিকা নিয়ে যায়।

পরে আমার দেশ পাবলিকেশন্সের চেয়ারম্যান মাহমুদা বেগম এবং আল ফালাহ প্রেসের আবুল আসাদের (সংগ্রাম সম্পাদক) বিরুদ্ধে মামলা করা হয়।