আশুলিয়ায় অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ১
সাভারের আশুলিয়া থেকে অপহৃত আড়াই বছর বয়সী এক শিশুকে কিশোরগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে কিশোরগঞ্জের পৌরহিতপুর এলাকার একটি বাড়ি থেকে শিশু সাকিবুল হাসানকে উদ্ধার করা হয় বলে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম জানিয়েছেন।
এ সময় অপহরণে জড়িত সন্দেহে বাচ্চু মিয়াকেও (২৫) গ্রেপ্তার করা হয়। সে কিশোরগঞ্জ জেলার সদর থানার বিলরাহুল গ্রামের রশিদ মিয়ার ছেলে।
শিশুকে বিক্রির উদ্দেশ্যেই অপহরণ করা হয়েছিলো বলে বাচ্চু পুলিশের কাছে স্বীকার করেছেন।
এসআই রাকিবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরো বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার ঘোষবাগ মধ্যপাড়া এলাকা থেকে শিশুটিকে অপহরণ করা হয়। শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ কিশোরগঞ্জে অভিযান চালায়।
