২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবাই ঢাকা ছাড়ছে, তারা আসছে

ঈদের ছুটিতে নগরবাসীর বাড়ির পানে ছোটার মিছিলের মধ্যেই ভিন্ন উদ্দেশ্য নিয়ে ঢাকায় ভিড় জমাচ্ছে আরেক দল।

গোলাম মুজতবা ধ্রুব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2013, 06:28 PM

Updated : 23 Aug 2022, 06:40 PM

নগর ছাড়ার মিছিলের দৈর্ঘ্যের তুলনায় সংখ্যায় অনেক কম হলেও গত কয়েকদিন ধরে এমন মানুষ ঢাকায় বেশ দেখা যাচ্ছে, যারা যাকাত ও ফিতরার টাকা সংগ্রহ করতে এসেছেন রাজধানীতে।

তাদের সঙ্গে কথা বলে জানা যায়, মূলত ঢাকার আশপাশের জেলাগুলো থেকে এসেছেন এই দরিদ্র মানুষগুলো। যাকাত আর ফিতরার টাকা সংগ্রহ করে ঈদের দিন তারা ফিরে যাবেন বাড়ি।

Image
স্বজনদের সঙ্গে ঈদ করতে ঝুঁকি নিয়ে বাসের ছাদে। ছবিটি মঙ্গলবার গাবতলী থেকে তোলা। ছবি:আসাদুজ্জামান প্রামানিক/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

স্বজনদের সঙ্গে ঈদ করতে ঝুঁকি নিয়ে বাসের ছাদে। ছবিটি মঙ্গলবার গাবতলী থেকে তোলা। ছবি:আসাদুজ্জামান প্রামানিক/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গুলশান, ধানমণ্ডি, বনানী, সায়েন্স ল্যাবরেটরি, বেইলি রোড, মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা আর বিপণি বিতানের সামনে এসব মানুষকে আপাতদৃষ্টিতে ভিক্ষুক মনে হলেও তারা যে একেবারে হতদরিদ্র নয়, তা তাদের কথায় স্পষ্ট।

সোমবার বিকালে বেইলি রোডের টাঙ্গাইল শাড়ি কুটিরের সামনে নারায়ণগঞ্জ থেকে আসা মধ্যবয়সী যুবক মো. আবদুলকে ঈদের কেনাকাটা করতে আসা মানুষের কাছে যাকাতের টাকা চাইতে দেখা যায়।

শান্তিনগরে পরিচিত এক বন্ধুর বাড়িতে কয়েকদিন আগে উঠেছেন আবদুল। সেখান থেকে প্রতিদিন সকালে বের হচ্ছেন।

আবদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নারায়ণগঞ্জে যাকাতের টাকা তেমন ওঠে না।”

ঢাকায় টাকা তুলে ঈদের দিন ভোরেই বাড়িতে ফিরে যাবেন তিনি।

সায়েন্স ল্যাবরেটরির প্রিয়াঙ্গন শপিং সেন্টারের সামনে যাকাতের টাকা তুলতে দেখা যায় গাজীপুরের মো. শহীদুল্লাহকে(৫৫)।

“এলাকায় কারো থেকে নিজে কিছু চাইতে পারি না। সংসারেও অভাব,” বলেন তিনি।

পরিচিত মানুষের সামনে না পড়ার শঙ্কা না থাকায় ফিতরা আর যাকাতের টাকা ঢাকায় সংগ্রহ করছেন, লজ্জিত কণ্ঠে বললেন শহীদুল্লাহ।

Image
যাকাত আর ফিতরার টাকা তুলতে এরা আসছে ঢাকায়।

যাকাত আর ফিতরার টাকা তুলতে এরা আসছে ঢাকায়।

গুলশান এলাকায় দেখা যায় সপরিবারে ঢাকায় আসা সাভারের আব্দুল মালেককে (৩০)। বাড়তি কিছু টাকা পাওয়ার আশায় তিনি প্রত্যেক বছরই আসেন বলে জানালেন।  

এবার স্ত্রী আমেনা ও একমাত্র শিশুসন্তান সাদ্দামকে নিয়ে অভিজাত এলাকা গুলশানে যাকাত-ফিতরার টাকা সংগ্রহ করছেন মালেক।

মোহাম্মদ হাউজিং এলাকার বাসিন্দা দীনিতা রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতি বছরই এলাকার পরিচিতদের বাইরেরে অনেকে যাকাত ও ফিতরার টাকা চাইতে আসেন।

তবে এবার সংখ্যাটি বেশি মনে হচ্ছে ৬০ বছর বয়সি এই গৃহিনীর কাছে, যিনি শ্যামলী আর মোহাম্মদপুর এলাকায় পরিবার নিয়ে প্রায় চার দশক ধরে ঈদ উদযাপন করছেন।