বেতন-ভাতার দাবিতে চাঁদপুর-কুমিল্লা সড়কে অবরোধ
ঈদের আগে বেতন-ভাতা না পেয়ে চাঁদপুর-কুমিল্লা সড়কে অবরোধ করেছে হাজীগঞ্জ হামিদিয়া জুট স্পিনিং মিলসের শ্রমিকরা।
মঙ্গলবার জেলার হাজীগঞ্জে দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে কয়েশ’ শ্রমিক। পরে পুলিশ এসে তাদেরকে সরিয়ে দেয়।
হাজীগঞ্জ থানার ওসি দেওয়ান আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন-বোনাস দেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
তবে কারখানার ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, মালিকপক্ষ বেতন ভাতা সম্পর্কে তাকে কিছুই জানায়নি।
এর আগে সোমবার সকালে পূর্ব ঘোষণা ছাড়াই কারখানার প্রধান ফটকে ঈদের ছুটির নোটিশ দেয় কর্তৃপক্ষ। বেতন ভাতা ছাড়া আকস্মিক ছুটির নোটিশে বিক্ষুব্ধ শ্রমিকরা ওই দিন প্রায় আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
