২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা ফিরেছেন

ওমরাহ শেষে দেশে মঙ্গলবার দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2013, 04:56 PM

Updated : 25 Apr 2022, 07:05 PM

গত ২৭ জুলাই সৌদি আরব গিয়েছিলেন বিরোধীদলীয় নেতা। সেখানে মহানবী হজরত মুহাম্মদ (সা.) রওজাও জিয়ারত করেন তিনি।

এই সফরে মক্কায় পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে সাক্ষাৎ হয় খালেদা জিয়ার।

খালেদা জিয়া মঙ্গলবার সকালে জেদ্দা থেকে ঢাকার পথে রওনা হন। তাকে বহনকারী এমিরেটসের উড়োজাহাজটি সন্ধ্যায় হজরত শাহজালাল বিমানবন্দরে নামে।

তখন বিমানবন্দরে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, সহ-সভাপতি সাদেক হোসেন খোকা, আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, আবদুল মান্নান, মাহমুদুল হাসান, এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম-মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, রুহুল কবির রিজভী।

যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েলসহ নেতা-কর্মীরা খালেদা জিয়াকে অভিনন্দন জানান।

খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিরোধীদলীয় নেতা সোমবার সফরসঙ্গীদের নিয়ে মক্কার কাবা শরিফে বিদায়ী তাওয়াফ করেন।

এই সফরে খালেদার সফরসঙ্গীদের মধ্যে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, সহসভাপতি শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী, খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতিমা প্রমুখ।

গত ২৭ জুলাই সৌদি আরব পৌঁছে খালেদা সরাসরি যান মদিনায়। সেখানে মহানবী হজরত মুহাম্মদের (সা.) রওজা জিয়ারত করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন তিনি।

এরপর মসজিদে নববীতে একান্তে ইবাদত করেন বিরোধীদলীয় নেতা। সেখান থেকে ৩১ জুলাই মক্কায় গিয়ে ওমরাহ পালন করেন তিনি।