গাজীপুরে প্রতিমায় অগ্নিসংযোগ
গাজীপুরের কালিয়াকৈরে একটি মন্দিরের প্রতিমায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক জানান, সোমবার মধ্যরাতে উপজেলার চাপাইর গ্রামের অর্জুন চন্দ্র পালের বাড়ির মন্দিরের প্রতিমায় আগুন দেয়া হয়। এতে প্রতিমার কাপড় ও অন্যান্য অনুষঙ্গ পুড়ে যায়।
অর্জুন চন্দ্র পাল বলেন, গাছতলায় থাকা এ প্রতিমায় কেবল পৌষ সংক্রান্তিতে পূজা হয়।
খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ওসি ওমর ফারুক বলেন, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। যারাই প্রতিমায় আগুন দিক না কেন তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।”
