অর্থ আত্মসাৎ: ২ কর্মকর্তার বিরুদ্ধে ঢাকা ব্যাংকের মামলা
গ্রাহকের ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা ব্যাংকের দুই কর্মকর্তার বিরুদ্ধে বরিশালে মামলা হয়েছে।
সোমবার রাতে কোতোয়ালি মডেল থানায় ব্যাংকটির বরিশাল শাখার সাবেক ব্যবস্থাপক কেএইচএম আসাদুজ্জামান এবং ক্রেডিট ইনচার্জ মোহাম্মদ হুমাউন কবিরের বিরুদ্ধে মামলাটি করেন একই শাখার ভাইস প্রেসিডেন্ট আব্দুল মালেক হাওলাদার।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০১০ সালের ১৬ মে থেকে ২০১৩ সালের ৮ জুলাই পর্যন্ত আসামিরা পরস্পর যোগসাজসে গ্রাহকদের জমানো ৬ কোটি ৪৫ লাখ ৫৫ হাজার ৭২৬ টাকা আত্মসাৎ করেন।
সম্প্রতি আসাদুজ্জামানকে প্রধান কার্যালয়ে বদলি করা হলে তারা দুজনই কর্মস্থলে অনুপস্থিত হতে শুরু করে।
তাদের ‘আত্মগোপনের’ বিষয়টি সন্দেহজনক মনে হলে ব্যাংক তদন্ত কমিটি গঠন করে। তদন্তে আত্মসাতের প্রমাণ পায় ব্যাংক কর্তৃপক্ষ।
এর আগে কর্তৃপক্ষ গত ৩০ জুলাইয়ের মধ্যে দুজনকে কর্মস্থলে যোগ দেয়ার জন্য উকিল নোটিস জারি করে এবং পত্রিকায় বিজ্ঞাপন দেয়।
নোটিসের জবাব না পেয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান মালেক হাওলাদার।
