চাঁপাইনবাবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্ত্রীকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
নাচোল থানার ওসি সাঈদ ইকবাল জানান, রোববার সকালে উপজেলার খিটকা গ্রামের সাবিনা হাঁসদাকে (৩২) কোদাল দিয়ে আঘাত করে হত্যা করেন তার স্বামী গোলাপ হাঁসদা।
ঘটনার পরপরই আটক করা হয়েছে গোলাপকে।
ওসি বলেন, সকাল সাড়ে ৭টার দিকে সাবিনার সঙ্গে গোলাপের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে গোলাপ তার স্ত্রীর মাথায় কোদাল দিয়ে আঘাত করেন। গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় সাবিনার।
ওসি আরো বলেন, নাচোল থানায় নিহতের ভাই আমীন হাঁসদা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ময়নাতদন্তের জন্য লাশ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
