জামায়াতের নিবন্ধন অবৈধের রায়ে উল্লাস প্রবাসে
হাই কোর্টের রায়ে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণার রায়ে নিউ ইয়র্কে উল্লাস করেছে প্রবাসীরা।
বৃহস্পতিবার দুপুরে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী নিবন্ধন অবৈধ ও বাতিল বলে রায় দেয় হাই কোর্টের বৃহত্তর বেঞ্চ।
এর প্রতিক্রিয়ায় নিউ ইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রুকলিনে উল্লাস করেন প্রবাসী বাঙালিরা।
যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগ, যুবলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, ইউএস কমিটি ফর সেক্যুলার ডেমোক্র্যাটিক বাংলাদেশ ছাড়াও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
পরে ব্রুকলিনের সুগন্ধ্যা রেস্তোরাঁয় মিলিত হয়ে জামায়াত-শিবির মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করেন তারা।
এ সময় তারা যুদ্ধাপরাধীদের রায় দ্রুত বাস্তবায়ন এবং গোলাম আযমের বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করার দাবি জানান।
জামায়াতের নিবন্ধন বাতিলের রায়ের প্রতিক্রিয়ায় ইউএস কমিটি ফর সেক্যুলার ডেমক্র্যাটিক বাংলাদেশের আহ্বায়ক নিউজার্সি সিটির কাউন্সিলর ড. নূরন্নবী বলেন, এর মধ্য দিয়ে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নেয়ার পথ সুগম হয়েছে।
যুক্তরাষ্ট্র শাখা যুবলীগের সভাপতি মিসবাহ আহমেদ বলেন, “বাংলাদেশের মানুষের দীর্ঘ একটি প্রত্যাশার প্রতিফলন ঘটেছে আদালতের রায়ে। এখন থেকে জামায়াতে ইসলামী কেবলই একটি সন্ত্রাসী সংগঠনের পরিণত হলো।”
