বিনামূল্যে কৃত্রিম পা দেবে ‘জয়পুর ফুট’
সাভারে রানা প্লাজা ধসসহ বিভিন্ন দুর্ঘটনায় পা হারানো একশ’ বাংলাদেশিকে বিনামূল্যে কৃত্রিম পা দেবে ভারতীয় প্রতিষ্ঠান ‘জয়পুর ফুট’।
বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, জয়পুর ফুটের একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশ সফরকালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকিরের সঙ্গে বৈঠক করে তাদের আগ্রহের কথা জানিয়েছেন।
অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করবে ‘জয়পুর ফুট’, কৃত্রিম অঙ্গ তৈরির জন্য যাদের খ্যাতি বিশ্বজুড়ে।
জয়পুর ফুটের কর্মকর্তারা জানান, ভারতসহ এশিয়া, আফ্রিকা এবং ল্যাতিন আমেরিকার ২৬টি দেশের ১৩ লাখ মানুষ তাদের সরবরাহ করা কৃত্রিম পা ও এ ধরনের সরঞ্জাম নিয়ে উপকৃত হয়েছে।
জয়পুর ফুটের কৃত্রিম পা পরে অভিনেত্রী সুধা চন্দ্রন চলচ্চিত্রেও নেচেছেন, যিনি এখন এই প্রতিষ্ঠানেরই একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী সেপ্টেম্বরের মধ্যে বিনামূল্যে পা পাওয়ার জন্য রোগী নির্বাচন করা হবে।
জয়পুর ফুট প্রথমে শুধুমাত্র সাভারে রানা প্লাজা ধসে পা হারানো তৈরি পোশাক শ্রমিক ও অন্যান্যদের মাঝে কৃত্রিম পা দিয়ে সহায়তার ইচ্ছা জানিয়েছিল।
কিন্তু স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক আগে এক সংবাদ সম্মেলনে জানান, সাভারের দুর্ঘটনায় ২৫ জন মানুষ পঙ্গু হয়েছে যাদের অনেকেই বাংলাদেশ থেকে কৃত্রিম পা সংগ্রহ করেছে।
এরপরও প্রতিষ্ঠানটি তাদের প্রতিশ্রুতি রক্ষায় সাভার দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ছাড়াও বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করা মোট একশ’ জনকে এই সহায়তা দেবে।
এদিকে থাইল্যান্ডের প্রসথেসিস ফাউন্ডেশনও সাভারে রানা প্লাজা ধসে পা হারানোদেরসহ ১০০ জন পঙ্গুকে সহায়তা দিতে আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে আসার ইচ্ছা জানিয়েছে।
গত এপ্রিলে ঢাকার সাভারে নয়তলা ভবন রানাপ্লাজা ধসের ঘটনায় ১১শ’র বেশি মানুষ প্রাণ হারান, যাদের অধিকাংশ ওই ভবনে থানা কয়েকটি পোশাক কারকানায় কাজ করতেন।।
ভবনের নিচে চাপা পড়ে হাত-পা ক্ষতিগ্রস্ত হওয়াসহ প্রায় তিন হাজার মানুষ আহত হয়।
দেশের ভয়াবহতম এই ভবন ধসের পর বহু দেশ ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে এগিয়ে আসে। সরকারও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দেয়।
