কৃষককে অস্ত্রসহ পুলিশে দিয়ে ‘ফাঁসানোর’ অভিযোগ
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক কৃষককে ‘ফাঁসাতে’ অস্ত্র ও গুলিসহ সিরাজগঞ্জ সদর থানা পুলিশে দেয়ার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে।
মঙ্গলবার সকালে মুলিবাড়ী গ্রামের কৃষক আব্দুস সালামকে পুলিশের হাতে দেয় ইউপি সদস্য আব্দুল মোমিন।
এর আগে তাকে গাছের সঙ্গে বেঁধে মারপিট করা হয় বলেও অভিযোগ করেন ওই কৃষক।
সদর থানায় কৃষক আব্দুস সালাম সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ৭০ শতক জমি নিয়ে চাচা সোবহান মোল্লার সঙ্গে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল।
“সকালে চাচা সোবহান ও তার ছেলেরা ওই জমির সবজি নষ্ট করে। সংবাদ পেয়ে আমি, ভাই আব্দুল মালেক ও স্ত্রী শেফালী বেগম সেখানে গেলে সকলকে মারপিট করা হয়।”
একপর্যায়ে ইউপি সদস্য আব্দুল মোমিনের ভাই নবিদুল ইসলাম তার সহযোগী মজনু, আব্দুর হাই, হামিদুল ও হালিম ঘটনাস্থলে এসে সোবহানের নিয়ে গাছের সাথে বেঁধে রেখে দ্বিতীয় দফা মারপিট করে বলে অভিযোগ করেন কৃষক সালাম।
“পরে ইউপি সদস্য আব্দুল মোমিন একটি দেশিয় পিস্তল ও ২টি রাউন্ড গুলিসহ চৌকিদারের মাধ্যমে আমাকে পুলিশের হাতে তুলে দেয়।”
চৌকিদার মানিক সাংবাদিকদের বলেন, “মোমিন মেম্বারের ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি সালামের হাত-পা বাঁধা এবং পাশের মাচালের ওপর একটি পিস্তল ও ২টি গুলি পড়ে আছে।”
সদর থানার ওসি রফিকুল ইসলাম খান বলেন, বিষয়টি প্রাথমিকভাবে সাজানো মনে হয়েছে। তবু উদ্ধারকৃত পিস্তল ও গুলিসহ কৃষককে আদালতে পাঠানো হচ্ছে।
এ বিষয়ে ইউপি সদস্য আব্দুল মোমিন বলেন, গ্রামবাসী পিস্তলসহ সালামকে ধরে মারপিট করে তার হাতে তুলে দিলে তিনি পুলিশে সোপর্দ করেন।
ইউপি সদস্যের ভাই নবিদুল বলেন, জমি নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে সালাম একপর্যায়ে পিস্তল দিয়ে গুলি করার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে ধরে পুলিশে দিয়েছে।
পুলিশ সুপার এস এম এমরান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধারণা করা হচ্ছে, পিস্তলটি ওই কৃষকের না। অন্যভাবে সেটি ওখানে গেছে।
