৩০ হাজার মুক্তিযোদ্ধা পাবে এমআর সনদ
জালিয়াতি বন্ধে আগামী অগাস্টের মধ্যে যন্ত্রে পাঠযোগ্য ৩০ হাজার সনদ মুক্তিযোদ্ধাদের মধ্যে বিতরণ করবে সরকার। এক্ষেত্রে শুধু ‘সঠিক’ তালিকায় থাকা মুক্তিযোদ্ধারা এই সনদ দেয়ার সুপারিশ এসেছে।
মঙ্গলবার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে।
বৈঠক শেষে কমিটির সভাপতি রফিকুল ইসলাম, বীর উত্তম সাংবাদিকদের বলেন, “মন্ত্রণালয় যাদেরকে সঠিক তালিকাভুক্ত বলে মনে করছে তাদেরকে আগে ওই সনদ দিতে পারে। মুক্তিবার্তার তালিকা তো মন্ত্রণালয় সঠিক মনে করে, সেক্ষেত্রে এই তালিকা থেকে সনদ দেয়া যেতে পারে। তাছাড়া এর আগে যাদের নামের তালিকার গেজেট প্রকাশ করা হয়েছে সেগুলোও সঠিক বলে ধরা যায়।”
গত ১৩ ফেব্রুয়ারি এক লাখ ৭৭ হাজার মুক্তিযোদ্ধার তথ্য সম্বলিত খসড়া তথ্যভাণ্ডার ওয়েবসাইটে প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
এদিকে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী অগাস্ট মাসের মধ্যে প্রায় ত্রিশ হাজার সনদ বিতরণ করা সম্ভব হবে। বৈঠকে মুক্তিবার্তার বাইরের মুক্তিযোদ্ধাদের তথ্যগত ভুলভ্রান্তি দূর করতে মুক্তিযোদ্ধাদের তথ্য সম্বলিত তালিকা জাতীয় দৈনিকে প্রকাশ করারও সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি বলেন, “সবার তথ্য ঠিক করতে যে পরিমাণ আবেদন জমা পড়বে সেগুলো যাচাই করা কঠিন কাজ। মুক্তিবার্তার বাইরে যারা আছে তাদের তালিকা গণমাধ্যমে প্রকাশ করা হলে তারা ভুল সংশোধনে আবেদন করতে পারবে।”
কমিটির সভাপতি রফিকুল ইসলাম, বীর উত্তমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য এ কে এম রহমতুল্লাহ্, জয়নাল আবেদিন এবং রুবী রহমান অংশ নেন।
