২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু কারা, নতুন সংজ্ঞা চান মুহিত

১৮ বছর বয়স পর্যন্ত সবাইকে ‘শিশু’ বলার ক্ষেত্রে আপত্তি জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2013, 06:27 PM

Updated : 23 Aug 2022, 11:15 AM

কাজ ও বিষয়ের ওপর ভিত্তি করে আলাদা আলাদা বয়সীদের নতুন করে সংজ্ঞায়নের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।  

রোববার রাজধানীর একটি হোটেলে ‘চাইল্ড ফোকাসড বাজেটিং ফ্রেমওয়ার্ক’ প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুহিত বলেন, শিশুদের বয়সভিত্তিক সংজ্ঞা নির্ধারণের বিষয়টি ইউনিসেফ, ডব্লিউএইচও, আএলও এবং বিশ্ব ব্যাংকেরই দায়িত্ব।

সরকার আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ১৮ বছরের কম বয়সী সবাইকে শিশু গণ্য করে আইন পাসের মাসখানেক পর অর্থমন্ত্রীর এ প্রতিক্রিয়া এলো। 

মুহিতের এই বক্তব্যে অনুষ্ঠানের দর্শকসারিতে বসা অনেকেই বিস্মিত হন। মন্ত্রীর বক্তব্য চলাকালেই এ নিয়ে ফিসফিসিয়ে কথা বলতে দেখা যায় কয়েকজনকে। বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি প্যাস্কেল ভিলনোভও এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন।

শিক্ষা, শ্রম কিংবা ভোটার হওয়ার ক্ষেত্রে কতো বয়স পর্যন্ত শিশু বিবেচনা করা হবে- তা নতুন করে নির্ধারণের প্রস্তাব করেন মুহিত।

বিভিন্ন বয়সী শিশুদের শিক্ষার বিভিন্ন স্তরে অবস্থানের ভিত্তিতে তাদের পরিচয় তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, ১৫ থেকে ১৮ বছর বয়সীদের সংজ্ঞায়ন খুবই জটিল বিষয়। তবে ১৮ বছর বয়সী কাউকে কোনোভাবেই শিশু হিসাবে কল্পনা করা যায় না। 

এ বিষয়ে দৃষ্টি আকর্ণ করলে ইউনিসেফের প্রতিনিধি প্যাস্কেল ভিলনোভ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাতিসংঘের আন্তর্জাতিক শিশু অধিকার সনদে বাংলাদেশসহ বিশ্বের প্রায় সব দেশই স্বাক্ষর করেছে, যাতে ১৮ বছর বয়স পর্যন্ত সবাইকে শিশু বলা হয়েছে।

এর ভিত্তিতে বাংলাদেশের জাতীয় সংসদও আইন পাস করেছে বলে তিনি মন্তব্য করেন।