কক্সবাজারে স্ত্রীকে ‘পিটিয়ে হত্যা’
কক্সবাজার সদর উপজেলায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
শনিবার গভীর রাতে খুরুশকুল ইউনিয়নের দক্ষিণ হিন্দু পাড়ায় এ ঘটনায় মারা যান রীনা রাণী দে (২২)। তিনি চকরিয়া উপজেলার ডুলহাজারার নিহাররঞ্জন দের মেয়ে।
এ ঘটনার পর স্বামী সিদু দে পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
সিদুর ভাবী শিখা রাণী দে জানান, রাতে স্বামী-স্ত্রী মধ্যে ঝগড়া হয়। এক পর্ায়ে রীনাকে মারধর করে সিদু। আহত রীনাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান।
কক্সবাজার সদর থানার ওসি জসীম উদ্দিন জানান, বিষয়টি জানার পর স্বামী সিদুকে ধরতে পুলিশ পাঠানো হয়েছে।
