২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাংলাদেশিকে নিয়ে গেছে বিএসএফ’

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা সীমান্ত থেকে এক বাংলাদেশি যুবককে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2013, 01:13 PM

Updated : 23 Aug 2022, 11:15 AM

তবে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এ অভিযোগ অস্বীকার করেছে।

রোববার ভোরে উনু মিয়াকে (৩৬) নিয়ে যায় বলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে।

উনু মিয়া জীবননগরের বেনীপুর গ্রামের আকবর আলীর ছেলে।

পরিবারের বরাত দিয়ে বিজিবি চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যান্ট কর্নেল গাজী আসাদুজ্জামান জানান, ভোর সাড়ে ৪টার দিকে ভারত থেকে গরু নিয়ে ফিরে আসার সময় ভারতের পুটিখালী কোম্পানির নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ জোয়ানরা জিরো পয়েন্টের ৬২ নম্বর মেইন পিলারের কাছে থেকে উনু মিয়াকে ধরে নিয়ে যায়।

সকাল ১০টায় তাকে ফেরত চেয়ে বিজিবি পতাকা বৈঠকের  জন্য বিএসএফকে পত্র দেয় এবং সাড়ে ১০টায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়।

ওই বৈঠকে উনু মিয়াকে ধরে নিয়ে যাওয়ার কথা অস্বীকার করে বিএসএফ।