২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসে ভাড়া বেশি নেয়ার অভিযোগ

রাজধানীর দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে ঈদের আগাম টিকিটের জন্য মানুষের ভিড় তুলনায় কম থাকলেও ভাড়া বেশি নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2013, 06:13 PM

Updated : 23 Aug 2022, 11:15 AM

শনিবার সকালে রাজধানীর কল্যাণপুর, গাবতলী ও টেকনিক্যাল এলাকার বাস কাউন্টারগুলোতে গিয়ে তেমন একটা চাপ না দেখা যায়নি, যদিও কমলাপুর স্টেশনে টিকিটের জন্য ছিল উপচেপড়া ভিড়।

খুলনা, সাতক্ষীরা ও যশোরগামী এ কে ট্রাভেলসের কাউন্টারে জনপ্রতি ভাড়া ১০০ থেকে দেড়শ টাকা বেশিতে বিক্রি হতে দেখা যায়।

কল্যাণপুরে রংপুরের টিকিট কিনতে আসা রফিক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈদকে সামনে রেখে সাধারণ মানুষকে অনেকটা জিম্মি করেই বাস মালিকেরা ভাড়া বাড়িয়ে দেয়। আর বেশি ভাড়া দিতে রাজি না হলে কাউন্টার থেকে জানানো হয় টিকিট নেই।”

সোহাগ পরিবহনের টিকিট কিনতে আসা খুলনাগামী যাত্রী আবু আজাদ বলেন, ঈদের একেবারে আগে ভাড়া আরো বেশি হতে পারে। তাই কিছুটা বেশি ভাড়াতেই টিকিট কিনছেন তিনি।

“এছাড়া কোনো উপায় নেই। যাত্রীরা একেবারেই জিম্মি।”

Image
ঈদে বাসের আগাম টিকিট কিনতে বৃহস্পতিবার রাজধানীর কল্যাণপুরে মানুষের ভিড়। ছবি:বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঈদে বাসের আগাম টিকিট কিনতে বৃহস্পতিবার রাজধানীর কল্যাণপুরে মানুষের ভিড়। ছবি:বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

হানিফ বাস কাউন্টারের কর্মকর্তারা দাবি করেন, ঈদ উপলক্ষে তারা কোনো ধরনের ভাড়াই বাড়াননি।

তবে বরিশালগামী যাত্রী দেলোয়ার হোসেন অভিযোগ করেন, যাত্রীপ্রতি দেড়শ থেকে দুইশ টাকা বেশি রাখছে হানিফ।

ঈদের আগে বাড়তি ভাড়া আদায়ের কথা স্বীকার করেছেন কল্যাণপুরের সোহাগ পরিবহনের কাউন্টার ব্যবস্থাপক সোলাইমান হোসেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগে খুলনা যেতে যাত্রীদের ৫৫০ টাকা, যশোর যেতে দিতে হতো ৪৮০ টাকা। এবার আমরা নিচ্ছি ৬২০ টাকা করে।”

তবে ঈদ নয়, তেলের দাম বেড়ে যাওয়ার কারণে ভাড়া বাড়িয়েছেন বলে দাবি করেন সোলাইমান।

পুরনো খবর:

রেল স্টেশনে ভিড় বেশি, দেরিতে অসন্তোষ