২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসির ফল অগাস্টের ‘প্রথম সপ্তাহে’

ফলের অপেক্ষায় থাকা ১০ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2013, 03:55 PM

Updated : 23 Aug 2022, 11:15 AM

তারিখ চূড়ান্ত না হলেও অগাস্টের প্রথম সপ্তাহেই এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম জানিয়েছেন।

তিনি শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফল প্রকাশের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে অগাস্টের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী তারিখ নির্ধারণ করলে সেই দিনই এইচএসসির ফল দেয়া হবে। আমরা শিক্ষা মন্ত্রণালয়ে এ বিষয়ে প্রস্তাব পাঠিয়েছি।”

রেওয়াজ অনুযায়ী, সব শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী পাবলিক পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স করে দু’একটি প্রতিষ্ঠানের ফল প্রকাশ করে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী।

শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই গত কয়েক বছর ধরে পাবলিক ফল প্রকাশ করা হচ্ছে। সেই হিসাবে এবার ৩ অগাস্টের মধ্যে এইচএসসির ফল প্রকাশ করার কথা।

Image
এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা (ফাইল ছবি)।

এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা (ফাইল ছবি)।

তবে হরতালের কারণে এবারের এইচএসসির ৪১টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে যায়। পরীক্ষার পরেও হরতাল ও রাজনৈতিক অস্থিরতায় উত্তরপত্র মূল্যায়নেও কিছুটা ভোগান্তিতে পড়তে হয় বিভিন্ন শিক্ষা বোর্ড কর্তৃপক্ষকে।

এবার আটটি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসি, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল/বিএম (বিজনেজ ম্যানেজমেন্ট) ও ডিআইবিএসে ১০ লাখ ১২ হাজার ৫৮১ জন পরীক্ষা দিয়েছে।