অপেক্ষা, লড়াই, স্বস্তির টিকেট
ঈদ সামনে রেখে ট্রেনের আগাম টিকেট নিতে আসা মানুষের ভিড় উপচে পড়েছে কমলাপুর স্টেশনে।
শুক্রবার আগাম টিকেট বিক্রির শুরুর দিনে আগামী ৪ অগাস্টের টিকেট দেয়ার দিন ছিল।
সকাল ৯টা থেকে কাউন্টার খোলার কথা থাকলেও ফুরিয়ে যাওয়ার আগেই নিজের টিকেটটি পেতে সেহরির পর থেকেই স্টেশনে ভিড় জমায় ঘরমুখো মানুষ।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন গন্তব্যের কাউন্টারের সামনে মানুষের সারিও দীর্ঘ হতে থাকে।
ভোর ৪টার দিকে যাত্রাবাড়ি থেকে জামালপুরগামী তিস্তার টিকেট নিতে এসেছেন ঢাকা ওয়াসার কর্মচারী মঞ্জুরুল ইসলাম। প্রায় সাত ঘণ্টা অপেক্ষার পর টিকেটে পেয়েছেন তিনি।
অপেক্ষার বিরক্তি থাকলেও শেষ পর্যন্ত প্রত্যাশা অনুযায়ী টিকেট পাওয়ায় খুশি মঞ্জুরুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “অবশেষে সকাল ১১টায় চারটি টিকেট পেয়েছি। একটু আরামেই সপরিবারে বাড়ি যেতে পারব।”
একইভাবে ভোর সাড়ে ৫টায় এসে পৌনে ১১টার দিকে তিস্তার দুটি টিকেট পেয়েছেন মিরপুরের জাহিদ ও শাখাওয়াত।
তবে মঞ্জুরুল, জাহিদ ও শাখাওয়াতের মতো আরো অনেকে ভোররাত থেকেই স্টেশনে অপেক্ষামাণ থাকলেও শেষ পর্যন্ত টিকেট পাবেন কী না তা নিয়ে শঙ্কায় আছেন তারা।
সকাল ৬টায় স্টেশনে এসে লাইনে দাঁড়ালেও ১১টা পর্যন্ত টিকেট পাননি ব্যবসায়ী জায়েদ হোসেন।
চট্টগ্রামের টিকেট নিতে প্রথমে সুবর্ণ এক্সপ্রেসের লাইনে দাঁড়ালেও ভিড় দেখে সাড়ে ৯টায় সরে মহানগর প্রভাতীর লাইনে দাঁড়ান। তারপরও সকাল ১১টা পর্যন্ত টিকেট পাননি তিনি।
টিকেট বিক্রির কাজে দেরির অভিযোগ তুলে জায়েদ বলেন, “শেষ পর্যন্ত টিকেট পাবো কী না জানি না।”
কমলাপুর স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পূর্বঘোষণা অনুযায়ী শুক্রবার সকাল ৯টা থেকেই অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে।
তিনি বলেন, “আজ দেয়া হচ্ছে ৪ অগাস্টের টিকেট। একইভাবে ২৭ জুলাই ৫ অগাস্ট, ২৮ জুলাই ৬ অগাস্ট, ২৯ জুলাই ৭ অগাস্ট ও ৩০ জুলাই ৮ অগাস্টের টিকেট দেয়া হবে।”
আর ঈদের পরে ফিরতি টিকেটের আগাম বিক্রি চলবে ২ থেকে ৬ অগাস্ট পর্যন্ত।
আগাম টিকেটের ৬৫ শতাংশ বিক্রি করা হচ্ছে সরাসরি কাউন্টার থেকে। মোবাইল ফোনের এসএমএস ও ই-টিকেটিংয়ের মাধ্যমে ২৫ শতাংশ টিকেট বিক্রি হবে। এর বাইরে পাঁচ শতাংশ টিকেট রেলওয়ের কর্মচারিদের ও পাঁচ শতাংশ ভিআইপিদের জন্য বরাদ্দ রাখা হয়েছে।
যাত্রী পরিবহনের সুবিধার্থে ঈদে প্রায় সবকটি ট্রেনে অতিরিক্ত বগি জুড়ে দেয়ার পাশাপাশি ঢাকা-পার্বতীপুর, ঢাকা-দেওয়ানগঞ্জ ও ঢাকা-খুলনা রেলপথে বাড়তি তিনটি ট্রেন চলবে বলে জানান স্টেশন মাস্টার।
