গোলাম রহমানের পদে থাকা নিয়ে রিট খারিজ
মেয়াদ শেষ হওয়ার পরও গোলাম রহমান দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান পদে ছিলেন দাবি করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছে হাই কোর্ট।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আনিসুল হক ও মো. খুরশীদ আলম খান। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল।
মো. খুরশীদ আলম খান বলেন, দায়িত্বে যোগ দেয়ার তারিখ থেকে গোলাম রহমানের মেয়াদ গণনা শুরু হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
মির্জা আল মাহমুদ নামের এক আইনজীবী ৯ জুন হাই কোর্টে এই রিট আবেদন করেন। এর আগে গত ৫ জুন দুদক চেয়ারম্যানকে একটি উকিল নোটিস পাঠিয়েছিলেন তিনি।
আল মাহমুদের দাবি, সরকার ২০০৯ সালের ২৯ এপ্রিল গোলাম রহমানকে চার বছরের জন্য দুদকের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়। তা কার্যকর হয় ওই বছরের ২ মে। সেই হিসাবে গোলাম রহমানের দায়িত্বে মেয়াদ চলতি বছর মে মাসেই অতিক্রান্ত হয়েছে।
তার রিটের প্রাথমিক শুনানি করে আদালত ১১ জুন একটি রুল জারি করে, যাতে গোলাম রহমান ‘মেয়াদ শেষ হওয়ার পরও’ কীভাবে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান পদে আছেন, তা জানতে চাওয়া হয়।
‘মেয়াদ শেষের পর’ গোলাম রহমানের নেয়া বিভিন্ন কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং ‘বাড়তি সময়ে’ তার নেয়া বেতন ভাতা কেন ফেরত দিতে নির্দেশ দেয়া হবে না- তাও জানতে চাওয়া হয় রুলে।
দুদক এই রুলের জবাব দেয়ার পর চূড়ান্ত শুনানি করে আদালত এই রায় দিলো।
২০০৯ সালের ২৩ জুন দুদকের চেয়ারম্যান হিসেবে যোগ দেন গোলাম রহমান। ২৩ জুন তিনি দুদকে শেষ অফিস করে বিদায় নেন। তার জায়গায় দুদকের অনুসন্ধান বিষয়ক কমিশনার মো. বদিউজ্জামানকে নিয়োগ দিয়েছে সরকার।
