সড়ক অবরোধ প্রত্যাহার, রংপুরে যান চলাচল শুরু
রংপুরে সড়ক অবরোধ শুরুর তিন ঘণ্টা পর কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে পরিবহন শ্রমিকরা।
এর ফলে বুধবার গভীর রাত থেকেই রংপুরের সঙ্গে সব জেলার যান চলাচল স্বাভাবিক হয়েছে।
জেলা পিকআপ মালিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা পুলিশ সুপার সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেয়ায় রাত ১টায় অবরোধ তুলে নেয়া হয়।
বুধবার রাত পৌনে ১০টার দিকে একদল সন্ত্রাসী নগরীর সাতমাথায় রংপুর জেলা পিকআপ মালিক সমিতির কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে।
এর প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সাতমাথায় রংপুর-কুড়িগ্রাম সড়ক অবরোধ করে শ্রমিকরা। এতে রংপুর থেকে কুড়িগ্রাম ও লালমনিরহাট সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ সুপার আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
