বিএনপি নেতাকে কুপিয়ে টাকা ছিনতাই
বাগেরহাটের কচুয়া উপজেলায় এক বিএনপি নেতাকে কুপিয়ে টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার বিকেলে কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের বক্তারকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
উপজেলার গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবীরকে (৩৫) গুরুতর অবস্থায় বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ আব্দুল মান্নান জানান, বিকেল সাড়ে তিনটার দিকে বাঁধাল বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন হুমায়ুন।
“পথে ৪-৫ দুর্বৃত্ত তাকে আটকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে এক লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়।”
পরে স্থানীয় লোকজন হুমায়ুনকে প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয় বলে জানান এসআই মান্নান।
তিনি জানান, হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ব্যাপারে মামলা হবে।
