নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামে দুইপক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে।
মঙ্গলবার সকাল ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত এ সংঘর্ষ চলে বলে জানিয়েছে পুলিশ।
লোহাগড়া থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, আধিপত্য বিস্তার নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে ওসমান সরদার ও আসাদ সরদারের সমর্থকরা।
সংঘর্ষে আহত কুমড়ি গ্রামের মিন্টু সরদার (৩২), জামান সরদার (৩৫) ও লিপন সরদারকে (৩০) নড়াইল সদর হাসপাতালে এবং আরজ মোল্যা, আজগর, সনি, বাকী বিল্লাহ, ইউসুফ সরদারসহ ১২ জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও লোহাগড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি জানান, বাকিদের প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক থাকলেও এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
