পার্বত্য এলাকায় চাকরিতে পাহাড়িদের অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রামে সরকারি, আধা-সরকারি, পরিষদীয় ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সব চাকরিতে উপজাতিদের অগ্রাধিকার দেয়ার অনুরোধ করেছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আবদুস সোবহান সিকদার স্বাক্ষরিত এক পরিপত্রে মঙ্গলবার এই অনুরোধ করা হয়।
১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে সরকারের শান্তিচুক্তির আলোকে এই অনুরোধ করা হয়েছে।
ওই চুক্তির ১৮ অনুচ্ছেদে বলা হয়েছে, পার্বত্য চট্টগ্রামের সব সরকারি, আধা-সরকারি, পরিষদীয় ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সব স্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণির কর্মচারী পদে উপজাতীয়দের অগ্রাধিকার ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামের স্থায়ী অধিবাসীদের নিয়োগ করা হবে।
তবে কোনো পদে পার্বত্য চট্টগ্রামের স্থায়ী অধিবাসীদের মধ্যে যোগ্যতাসম্পন্ন ব্যক্তি না থাকলে প্রেষণে অথবা নির্দিষ্ট সময় মেয়াদে ওই পদে অন্যদের নিয়োগ করা যাবে বলেও ওই অনুচ্ছেদে বলা হয়েছে।
সরকার এখন ওই ১৮ নম্বর অনুচ্ছেদ অনুসরণ করতে নিয়োগকারী সব কর্তৃপক্ষকে অনুরোধ করেছে।
