২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাল নোটসহ ৩ জন গ্রেপ্তার

বিপুল পরিমাণ জাল টাকা তৈরির সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২৫ লাখ টাকার জাল নোট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2013, 02:48 PM

Updated : 23 Aug 2022, 11:13 AM

এরা হলেন-মো. ইব্রাহীম হাওলাদার, নার্গিস আক্তার ও শারমিন আক্তার।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মিন্টো রোডে মহানগর পুলিশের জনসংযোগ দপ্তরে গোয়েন্দা পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ঈদ সামনে রেখে বাজারে ৫০ কোটি টাকার জাল নোট ছাড়ার পরিকল্পনা করেছিল এ চক্র।

রাজধানীর বিভিন্ন বিপণীবিতানে জাল টাকা ছড়ানোর পরিকল্পনা ছিল তাদের।

তিনি বলেন, সোমবার রাতে পল্টন এলাকায় অভিযান চালিয়ে মো. ইব্রাহীমকে গ্রেপ্তার করা হয়। এরপর তার দেয়া তথ্য অনুযায়ী কল্যাণপুরে একটি বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে জাল নোট তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয় অন্য দুজনকে।

গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা জানান, ওই বাড়ি থেকে ২৫ লাখ টাকার জাল নোট, দেড় কোটি জাল টাকা বানানোর উপযোগী জলছাপ, নিরাপত্তা সুতা, বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম সম্বলিত কাগজ, একটি মনিটর, চারটি প্রিন্টার, ইপসন রংয়ের বিভিন্ন ধরনের তিন হাজার কার্টিজসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে পুলিশের গণমাধ্যম শাখার মুখপাত্র মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।