২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় নৌকাডুবি: ৫ শিশু এখনো নিখোঁজ

পাবনা সদরে পদ্মা নদীতে নৌকাডুবি হয়ে নিখোঁজ পাঁচ শিশু শিক্ষার্থীকে এখনো পাওয়া যায়নি।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2013, 01:46 PM

Updated : 23 Aug 2022, 11:13 AM

সোমবার দুপুর ১২টার দিকে চরতারাপুর ইউনিয়নের কোলচুরি এলাকায় এ নৌকাডুবি হয়।

উদ্ধার তৎপরতা রাতে স্থগিত থাকার পর মঙ্গলবার সকাল ৯টা থেকে আবার শুরু হয়েছে।

পাবনা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৯টা থেকে পদ্মা নদীর কোলচুরী এলাকার বিভিন্ন পয়েন্টে রাজশাহী থেকে আগত ডুবরি দল ও স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে।

পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন বলেন, আমাদের একটি দল সার্বক্ষণিকভাবে বিষয়টি মনিটরিং করছে। উদ্ধারকারীরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

চরতারাপুর ইউনিয়নের চেয়ারম্যান রহমত আলী শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডুবুরি দলের সঙ্গে স্থানীয় লোকজনও উদ্ধারের কাজ করছে।

প্রত্যক্ষদর্শী নৌকার মাঝি নীরব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার বেলা ১২টার দিকে পাবনা সদরের ভাদুড়িয়াডাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীকে নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ উপবৃত্তির টাকা উত্তোলনের জন্যে নৌকাযোগে পদ্মা নদীর ওপারে যাচ্ছিল।

দমকা হাওয়া ও ঢেউয়ের কারণে মাঝনদীতে নৌকাটি ডুবে গেলে ১০ জনকে স্থানীয়রা উদ্ধার করতে সক্ষম হয়। নিখোঁজ হয় পাঁচ শিক্ষার্থী।  

নিখোঁজরা হল চতুর্থ শ্রেণির ছাত্রী দুলু (১০), তৃতীয় শ্রেণির রহিমা খাতুন (৮), পঞ্চম শ্রেণির ময়না খাতুন (১১), পঞ্চম শ্রেণির চম্পা খাতুন (১০) এবং চতুর্থ শ্রেণির শারমিন আক্তার (৯)।

এদের সবার বাড়ি ভাদুড়িয়াডাঙ্গি গ্রামে।