২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবি ছাত্রলীগের বহিষ্কৃতদের পক্ষে কমিটির একাংশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অফিসে তালা লাগানোর ঘটনায় বহিষ্কৃত চার নেতার পক্ষ নিয়েছেন চবি ছাত্রলীগের কমিটির একাংশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2013, 10:02 PM

Updated : 23 Aug 2022, 11:13 AM

ওই চারজনকে ‘নির্দোষ’ দাবি করে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা না হলে বিশ্ববিদ্যালয় কমিটি থেকে পদত্যাগের হুমকি দিয়েছেন তারা।

এবিষয়ে সোমবার বিকালে চবি ছাত্রলীগের দপ্তর সম্পাদক জালাল আহমেদের কাছে ৬৩ জনের স্বাক্ষর সম্বলিত একটি পত্র জমা দেয়া হয়েছে বলে জানান কমিটির অন্যতম সহ-সভাপতি আহসানুল করিম জনি । 

তবে তালা লাগানোর ঘটনায় সংগঠনের অপর চার কর্মীকে দায়ী করেছেন পদত্যাগের হুমকিদাতারা।

আহসানুল করিম জনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাংবাদিক সমিতির কার্যালয়ে তালা দেয়ার ঘটনায় বহিষ্কৃত চারজন কোনোভাবেই যুক্ত নয়। তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদকের বিতর্কিত কর্মকাণ্ডের প্রতিবাদ করে আমরা পদত্যাগের হুমকি দিয়েছি।”

ওই চিঠিতে কমিটির ১০ জন সহ-সভাপতি, ছয়জন সহ-সাধারণ সম্পাদক ও তিনজন সাংগঠনিক সম্পাদকও স্বাক্ষর করেছেন বলে তিনি দাবি করেন।

শনিবার চবি সাংবাদিক সমিতির কার্যালয়ে তালা লাগানোর ঘটনায় সাংগঠনিক সম্পাদক পিযুষ কান্তি বর্মন, সহ-সম্পাদক সৌমেন দাশ জুয়েল, সদস্য এ এস এম মেহরাজ ও কর্মী শাফায়াতকে রোববার রাতে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

জনির অভিযোগ, কমিটির কোনো মতামত না নিয়ে তাদের বহিষ্কার করা হয়েছে।

তবে ঘটনার সঙ্গে সাদ্দাম, ইসতেফাক কাদের, খোকা ও মুজিবুল হক নামে অপর চার কর্মীকে দায়ী করেন তিনি।