রনির শাস্তি দাবিতে ঢাবিতে মানববন্ধন
দুই সাংবাদিককে মারধরের ঘটনায় ক্ষমতাসীন দলের সংসদ সদস্য গোলাম মাওলা রনির শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে অংশ নিয়ে ডেইলি সানের সাবেক সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, একটি গণতান্ত্রিক দেশে সাংবাদিকের ওপর হামলা মানে গণতন্ত্রের ওপর হামলা।
তিনি বলেন, “সরকার দলীয় সাংসদ হওয়ার মানে রনি আইনের ঊর্ধ্বে নয়। এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করতে হবে।”
সমিতির সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন বলেন, “দেশের সব ধরনের অন্যায়, অবিচার ও দুর্নীতির চিত্র তুলে ধরেন সাংবাদিকরা। এই গুরুত্বপূর্ণ দায়িত্বপালনের সময় তারা যেসব হামলার স্বীকার হন তা একটি স্বাধীন দেশে কাম্য হতে পারে না।”
হামলার জন্য সাংসদ রনি এবং তার সহযোগীদের আইনের আওতায় এনে বিচার করার দাবি জানান তিনি।
সমিতির সভাপতি এইচ এম জসীম বলেন, জনগণের প্রতিনিধি হয়ে সাংবাদিকের ওপর হামলা করে রনি নিজেকে পেশাদার সন্ত্রসী হিসেবে প্রমাণ করেছেন। এই ঘটনায় তার দ্রুত বিচার দাবি করছি।
এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে ছাত্রলীগের তালা ঝুলিয়ে দেয়ারও সমালোচনা করেন তিনি।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রায় অর্ধশতাধিক প্রতিনিধি যোগ দেন।
একটি অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য সংগ্রহের জন্য বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের দুই সংবাদকর্মী শনিবার রাজধানীর তোপখানা সড়কের মেহেরবা প্লাজায় সংসদ সদস্য রনির কার্যালয়ে গিয়ে হামলার শিকার হন।
ওই ঘটনার ভিডিওচিত্রে দেখা যায়, ইন্ডিপেন্ডেটের প্রতিবেদক ইমতিয়াজ মমিন সনি ও ক্যামেরাম্যান মহসিন মুকুলকে মারধর করছেন রনি ও তার সঙ্গীরা।
