বেনাপোলে নারী-শিশুসহ আটক ২৯
ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল সীমান্ত থেকে নারী ও শিশুসহ ২৯ জনকে আটক করা হয়েছে।
রোববার দুপুরের পর বেনাপোলের পুটখালি এলাকা থেকে তাদেরকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
আটককৃতদের বাড়ি টাঙ্গাইল, গোপালগঞ্জ ও খুলনা জেলার বিভিন্ন এলাকায়।
খুলনা-২৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তায়েফ উল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দালালরা ভালো কাজ দেয়ার কথা বলে নয়জন পুরুষ, নয়জন নারী ও এগার শিশুকে ভারতে পাচার করছে খবর পেয়ে বিজিবি টহলদল অভিযান চালায়।
তবে তাদের সঙ্গে থাকা দালাল পালিয়ে গেছে যায় বলে জানান তিনি।
বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম রফিক বলেন, থানায় এ ব্যাপারে একটি মামলা হয়েছে।
