কিশোরগঞ্জ সদর ইউএনও কার্যালয় ঘেরাও
দুর্নীতির অভিযোগ এনে কিশোরগঞ্জ সদরের নয়টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য ও তাদের সমর্থকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করে করেছেন।
রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা ইউএনও কার্যালয় অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেন।
তবে ইউএনও সুব্রত পাল অভিযোগ অস্বীকার করেছেন।
সমাবেশে বক্তরা বলেন, গত দুমাস ধরে তারা ইউএনওর দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আন্দোলন করছেন। এ ব্যাপারে তারা ইতোমধ্যে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে দেখা করে তার হস্তক্ষেপ কামনা করেছেন।
এছাড়া জেলা প্রশাসক বরাবরেও স্মারকলিপি দেয়া হয়েছে। কিন্তু সরকার এ ব্যাপারে কোনো পদক্ষেপ না নেয়ায় দুমাস ধরে ইউনিয়ন পরিষদের নানা কাজকর্মে স্থবিরতা দেখা দিয়েছৈ।
ইউপি চেয়ারম্যানরা দুদিনের মধ্যে ইউএনওকে সরিয়ে নেয়ার আল্টিমেটাম দেন প্রশাসনকে।
সমাবেশে বক্তব্য দেন মহিনন্দ ইউপি চেয়ারম্যান মো. নুরুল হুদা, বিন্নাটির চেয়ারম্যান শফিকুল ইসলাম, মারিয়ার চেয়ারম্যান সালাহ উদ্দিন আহমেদ, চৌদ্দশতর চেয়ারম্যান আবদুল করিম ও লতিবাবাদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক।
ইউএনও সুব্রত পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুয়েকজন ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির কারণে তদন্ত চলছে। তাই তারা এ ধরনের বিরোধিতা করছে।
