২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা আখতার সিদ্দিকী আর নেই

নওগাঁর সকলের প্রিয় মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আখতার আহমেদ সিদ্দিকী আর নেই।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2013, 10:18 PM

Updated : 23 Aug 2022, 11:12 AM

দীর্ঘ রোগভোগের পর শুক্রবার জেলা শহরের পোস্ট অফিসপাড়ার বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শনিবার রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে বলে প্রশাসন থেকে জানানো হয়।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, পুত্রবধূ, এক নাতিসহ অসংখ্য বন্ধুবান্ধব, স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

তার মৃত্যুর সংবাদ শহরে ছড়িয়ে পড়লে মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, পৌরসভার মেয়র, বিভিন্নস্তরের কর্মকর্তা-কর্মচারীসহ হাজার হাজার মানুষ ছুটে যান বাসভবনে।

মুক্তিযুদ্ধ চলাকালে দেরাদুনে অনুষ্ঠিত বিশেষ প্রশিক্ষণে নওগাঁর যে দুজন মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেছিলেন প্রয়াত আখতার আহমেদ সিদ্দিকী ছিলেন তাদের একজন।

১৯৯৩ ও ১৯৯৭ সালে তিনি নওগাঁ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

তার সম্পাদনা ও অর্থায়নে নওগাঁ থেকে ‘বাংলার কথা’ নামে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হতো।

১৯৯৯ ও ২০০০ সালে তিনি পরপর দুবার নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন।

তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

সদর থানার ওসি মো. মোজাম্মেল হক জানান, শনিবার সকাল ১০টায় শহরের নৌযান মাঠে নামাজে জানাজা শেষে সরকারি গোরস্তানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে।