২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিএসএফের ধাওয়ায়’ নদীতে পড়ে বাংলাদেশির মৃত্যু

বিএসএফের ধাওয়ায় নদীতে পড়ে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে তার স্বজনরা জানিয়েছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2013, 09:31 PM

Updated : 25 Apr 2022, 07:00 PM

শুক্রবার পঞ্চগড় সদরের চাকলাহাট ইউনিয়নের নারায়ণজোত পন্ডিতপাড়া সীমান্তের নদী থেকে জাহাঙ্গীর আলম ওরফে আমবিলাসের (৩১) লাশ উদ্ধার করে বিজিবি।

জাহাঙ্গীর পঞ্চগড়র উপজেলার হাড়িভাষা ইউনিয়নের নতুন বন্দর গ্রামের সামিউল হকের ছেলে।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু বাছির নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, জাহাঙ্গীর সীমান্তে অবৈধ পথে মাল আনা-নেয়া করতেন।

“হয়ত বিএসএফের ধাওয়া খেয়ে নদীতে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে,” বলেন তিনি।

জাহাঙ্গীরের বাবা সামিউল হক জানান, গত বুধবার জাহাঙ্গীরসহ তিন ব্যক্তি ভারতীয় সীমান্ত এলাকা থেকে ফেরার পথে ঝাকুয়া বিএসএফ ফাঁড়ির সদস্যরা তাদের ধাওয়া দেয়।

ধাওয়া খেয়ে তিনজনই নদীতে লাফিয়ে পড়ে। তাদের মধ্যে দুইজন সাঁতরে ফিরে আসলেও জাহাঙ্গীর পারেননি।

সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, জাহাঙ্গীরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।