২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রানা প্লাজায় আহত আকলিমা যশোর সিএমএইচে

সাভারের রানা প্লাজা ধসে আহত পোশাক শ্রমিক মোছাম্মৎ আকলিমাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2013, 08:18 PM

Updated : 23 Aug 2022, 11:12 AM

যশোর সিএমএইচের সিনিয়র সার্জন লেফটেন্যান্ট কর্নেল ডা. আব্দুর রাকিব জানান, উদ্ধারের পর বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েও অবস্থার উন্নতি না হওয়ায় প্রধানমন্ত্রীর নির্দেশে বুধবার তাকে এখানে আনা হয়।

গত তিনদিন ধরে এখানে আকলিমাকে (২৬) নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে।

ডা. আব্দুর রাকিব জানান, আকলিমার শারিরিক অবস্থা খুবই খারাপ ছিল। এ হাসপাতালে আনার পর তার শরীরে অস্ত্রোপচার করা হয়েছে।

পুরোপুরি সুস্থ হতে দীর্ঘ সময় লাগবে। তবে অবস্থা আগের তুলনায় কিছুটা ভাল, বলের তিনি।

চিকিৎসাধীন আকলিমা জানান, এ হাসপাতালে আসার পর তিনি বেশ ভাল বোধ করছেন।

আকলিমার বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার হাড়িটানা গ্রামে। তিনি কাজ করতেন রানাপ্লাজার আটতলার একটি পোশাক কারখানায়।

২৪ এপ্রিলের ভবন ধসের দুদিন পর তাকে উদ্ধার করা হয়।

আকলিমা আরো জানান, এর আগে সাভারের দুটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে তিনি গ্রামের বাড়ি চলে যান।

কিন্তু সেখানে ফের অসুস্থ হয়ে পড়লে গত ১৭ জুন তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওই হাসপাতালে তার দেহে দুবার অস্ত্রোপচার করেও অবস্থার পরিবর্তন না হলে গত বুধবার (১৭ জুলাই) যশোর সিএমএইচে আনা হয়।

রানা প্লাজা ধসে এক হাজার ১৩০ জন প্রাণ হারান, আহত হন কয়েকহাজার। এদের বেশিরভাগই পোশাক কারখানার শ্রমিক। ওই ভবনে পাঁচটি পোশাক কারখানা ছিল।