২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশটা চলবে কিভাবে, প্রশ্ন কাদেরের

রাজনীতিবিদদের বেপরোয়া আচরণে মানুষ আস্থা হারালে দেশ কিভাবে চলবে, তা নিয়ে দুশ্চিন্তায় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2013, 04:48 PM

Updated : 23 Aug 2022, 11:12 AM

সড়ক অবরোধ করে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় মতো রাজনৈতিক কর্মসূচিরও সমালোচনা করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য ।

শুক্রবার গাজীপুরে তিনি সাংবাদিকদের বলেন, রাস্তা দখল করে অবরোধ, ঝটিকা মিছিলের মতো তৎপরতা চালালে রাস্তার কোনো শৃঙ্খলা থাকে না। যান চলাচলে ব্যাঘাত ঘটে এবং জনগণকে দুর্ভোগ পোহাতে হয়।

সরকারের শেষ সময়ে রাজনৈতিক অস্থিরতা বাড়ে বলে আগামীতে আরো ‘উত্তাল সময়’ পার করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

সার্বিক পরিস্থিতিতে রাজনীতিবিদদের ওপর থেকে সাধারণ মানুষ ‘বিরক্ত’ বলেই মনে করছেন কাদের। 

“এদেশে আসলে নেতিবাচক রাজনীতির কারণে রাজনীতিকদের উপর জনগণ বিরক্ত। এখন মানুষ ভাবে আমরা তাদের ভাগ্য নিয়ে নিষ্ঠুর তামাশা করছি।

“রাজনীতিবিদদের উপর যদি মানুষ আস্থা হারিয়ে ফেলে তবে দেশটা চালাবে কে ? যানবাহনের বেপরোয়া চালকের মতো রাজনীতিকরাও যদি বেপরোয়া চালক হয়ে যাই, তাহলে দেশটা চলবে কিভাবে?”

মন্ত্রী সকালে ঢাকা-নরসিংদী সড়কের গাজীপুরের মীরের বাজার এলাকা পরিদর্শনে যান। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

টঙ্গী-ঘোড়াশাল সড়কে রাস্তার তুলনায় যানবানের চাপ বেশি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এখানে রাস্তা অপ্রশস্ত। যে কারণে টঙ্গী থেকে ঘোড়াশাল পর্যন্ত রাস্তা প্রশস্ত করার উদ্যোগ নেয়া হয়েছে।

চলতি বছরের অগাস্টেই এর টেন্ডার দেয়া হবে এবং বর্ষা শেষেই কাজ শুরু হবে। রাস্তার উভয়পাশে ৩ ফুট করে মোট ৬ ফুট বাড়ানো হবে। এ প্রকল্পের জন্য ৪০ কোটি টাকা ব্যায় ধরা হয়েছে।

এ সময় মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, পদ্মাসেতুর কাজ চলমান, মূল সেতুর টেন্ডার হয়েছে। এখন টেকনিক্যাল কমিটি কার্যাদেশ দেবে।

সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহাবুদ্দিন, নির্বাহী প্রকৌশলী মনোয়ার উজ জামান এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন।