হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন
মুন্সীগঞ্জের এক কৃষককে হত্যার দায়ে ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনাল-৪ এর ভারপ্রাপ্ত বিচারক দেওয়ান মোহাম্মদ সফিউল্লাহ বৃহস্পতিবার এই মামলার রায় দেন।
দণ্ডিত ১১ আসামিই পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।
৪১ আসামি খালাস পাওয়ায় রায়ে অসন্তোষ প্রকাশ করে নিহত কৃষক রফিকুল ইসলামের ভাই শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, “আমি ন্যায়বিচার পাইনি। এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।”
তিনি দাবি করেন, খালাস পাওয়া গিয়াস উদ্দিন, আব্দুল মতিন মন্টু, গোলাপ সরকারের ছোড়া টেটার আঘাতে তার ভাই মারা যান। কিন্তু বিচারক তাদেরকে খালাস দিয়েছেন।
বিচারকের বাড়ি ও আসামিদের বাড়ি পাশাপাশি গ্রামে বলে জানান মামলার বাদী শফিকুল।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের জের ধরে ২০১১ সালের ১৩ অক্টোবর মুন্সিগঞ্জের গজারিয়া থানার চরবলাকী গ্রামের রফিকুল ইসলামকে হত্যা করা হয়।
রফিকুলের ভাই শফিকুল পরদিন গজারিয়া থানায় মামলা করেন।
এই মামলায় ১৭ সাক্ষীর সাক্ষ্য আগের বিচারক মোতাহার হোসেন নিয়েছিলেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এস এম রফিকুল ইসলাম।
মোতাহার হোসেন বদলি হওয়ার পর এই আদালতের বিচারকের দায়িত্বে আসেন দেওয়ান মোহাম্মদ সফিউল্লাহ।
যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিতরা হলেন- রিপন সরকার, আনার, আলী আহম্মদ, বাবুল মিয়া, নবী সরকার, সুরুজ মিয়া, ইউনুস মৃধা, আবু সালাম, ফয়সাল মিয়া, দুলাল মিয়া ও ওয়াসিম।
তাদের সবার বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়া থানার হোসেনদী ইউনিয়নে।
