২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে জামায়াত কর্মীদের বোমাবাজি, সড়ক অবরোধ

টানা চতুর্থ দিনের হরতালে বরিশালে ঝটিকা মিছিল, মহাসড়ক অবরোধ ও হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে জামায়াত-শিবির কর্মীরা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2013, 07:01 AM

Updated : 23 Aug 2022, 11:12 AM

নাশকতার অভিযোগে এক শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নগরীর কাশিপুর হাই স্কুল এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে এবং গাছের গুড়ি ফেলে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে জামায়াত-শিবির।

সিঅ্যান্ডবি রোডে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ ও চলন্ত বাস লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে তারা। হরতালকারীরা। এ সময় একটি হাতবোমার বিস্ফোরণও ঘটায় হরতালকারীরা। পুলিশের একটি টহল গাড়ি লক্ষ্য করেও ইট-পাটকেল নিক্ষেপ করে তারা।

এরপর ভোর সাড়ে ৫টার দিকে নগরীর কালিবাড়ি রোডে শহীদ মুক্তিযোদ্ধা কাঞ্চন উদ্যান এলাকায় এবং সকাল ৬টায় কাউনিয়া বিসিক টেক্সটাইল এলাকায় ঝটিকা মিছিল করে শিবির। এসব এলাকায়ও ইট বিছিয়ে ও পেট্রোল ঢেলে আগুন দিয়ে সড়ক অবরোধ করে তারা।  

নগরীর কালিজিরা, গড়িয়ারপাড়, বঙ্গবন্ধু উদ্যান ও স্ব-রোড এলাকাতেও হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করে জামায়াত-শিবিরকর্মীরা।

বরিশাল মহানগরের কাউনিয়া থানার এসআই কামাল হোসেন বলেন,  হরতালে নাশকতার চেষ্টাকোলে কাউনিয়া বিসিক এলাকা থেকে শিবিরকর্মী নাঈম ইসলামকে (১৮) আটক করা হয়েছে।