নতুন ৪ ইঞ্জিনে ‘মসৃণ’ ঈদের আশা পূর্ব রেলে
বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে নতুন চারটি ইঞ্জিন, যার ফলে ঈদ সামনে রেখে ‘মসৃন’ যাত্রী সেবা দেয়ার আশা করছেন পূর্ব রেলের কর্মকর্তারা।
এছাড়াও ঈদ-উল ফিতরে যাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ ট্রেন চালু, অতিরিক্ত বগি সংযোজন এবং সংস্কারসহ নানা উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পূর্ব রেলের মহাব্যবস্থাপক (জিএম) তাফাজ্জল হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ঈদে ঘরমুখো যাত্রীদের ভাল সেবা দেয়ার চেষ্টা করছি। ইঞ্জিন সংকট থাকলেও ঈদের আগেই ট্রেনের বহরে নতুন চারটি ইঞ্জিন যুক্ত হবে।”
মহাব্যবস্থাপক জানান, কোরিয়া থেকে কেনা ‘হেভি হল ক্যাপাসিটি’র এই চারটি ইঞ্জিন ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। রেলের ওয়ার্কশপে পরীক্ষা-নিরীক্ষা শেষে ঈদের আগেই সেগুলো রেলের বহরে যুক্ত হবে।
এছাড়া ঈদ সামনে রেখে পাঁচ জোড়া বিশেষ ট্রেন বিভিন্ন রুটে চলাচল করবে। বিভিন্ন রুটে আন্তঃনগর ও মেইল ট্রেনেও বগি বাড়ানো হবে।
বাকি সাতটি ইঞ্জিন আগামী অগাস্টে দেশে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ঈদের আগেই নতুন চারটি ইঞ্জিন যুক্ত হলে আন্ত:নগর, মেইলসহ বিভিন্ন ট্রেন চলাচলে গতি আসবে এবং কোনো ধরনের ‘শিডিউল বিপর্যয়’ ছাড়াই ট্রেন পরিচালনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
কোরিয়ার মারুবেনি করপোরেশন থেকে ১ হাজার ৫৭৫ অশ্বক্ষমতার প্রতিটি ইঞ্জিন কিনতে কাস্টম ডিউটিসহ খরচ পড়েছে প্রায় ত্রিশ কোটি টাকা।
পূর্ব রেলের কর্মকর্তারা জানান, তাদের বহরে বড়-ছোট মিলিয়ে ১২৬টি ইঞ্জিন থাকলেও এর মধ্যে সচল রয়েছে একশটির কম। গত রোববার ট্রেন পরিচালনার জন্য সচল ইঞ্জিন পাওয়া যায় ৯০টি, সোমবার ছিল ৮৫টি।
আন্তঃনগর, মেইল, লোকাল, কন্টেইনার ও পণ্যবাহী ট্রেন মিলিয়ে পূর্ব রেলে প্রতিদিন গড়ে ২০৫টি ট্রেন চট্টগ্রাম, সিলেট ও ঢাকা বিভাগে আসা-যাওয়া করে। যমুনা নদীর পূর্ব অংশে এই তিন বিভাগের জেলাগুলোই পূর্ব রেলের দায়িত্বে।
এর মধ্যে ঈদে সবচেয়ে বেশি চাপ থাকে চট্টগ্রাম-ঢাকা রুটে। এই রুটে প্রতিদিন চলাচলকারী (যাওয়া-আসা) সুবর্ণ, তুর্ণা নিশীথা, মহানগর গোধুলী ও মহানগর প্রভাতীতে ১৮টি করে বগি থাকে। ঈদে যাত্রীর চাপ বিবেচনায় বাড়তি দুটি করে বগি সংযুক্ত হতে পারে। আর চট্টলা এক্সপ্রেস ও মেইল ট্রেনে কয়েকটি বগি বাড়ানো হবে। এর বাইরে চলাচলকারী চারটি আন্তঃনগর ট্রেনে বগি বাড়ানোর সুযোগ কম বলে রেল কর্মকর্তারা জানান।
মিয়া জাহান বলেন, “ঈদে অতিরিক্ত পণ্যসহ লোকজন ট্রেনে চড়েন। বিভিন্ন স্টেশনে ওঠা-নামার জন্যও অন্যান্য সময়ের তুলনায় ঈদে একটু সময় বেশি লাগবে।”
অন্য কোনো দুর্ঘটনা বা দুর্যোগ না ঘটলে এবার ঈদে যাত্রী পরিবহনে সময় ঠিক রাখার পাশাপাশি যাত্রীদের ‘ভাল সেবাও’ দেয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন রেলের এ কর্মকর্তা।
