২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পনের রোজা থেকে টার্মিনালে টাস্কফোর্স: কাদের

পনের রমজান থেকে মহানগরীর টার্মিনালগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে গঠিত টাস্কফোর্স কাজ শুরু করবে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2013, 10:53 AM

Updated : 23 Aug 2022, 11:11 AM

বুধবার গাবতলী বাস টার্মিনাল এলাকার যানজট পরিস্থিতি ও পরিবহন ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

আসন্ন ঈদে ঘরমুখো যাত্রীদের অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে আগে থেকেই মন্ত্রণালয় সতর্ক রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, “টার্মিনাল এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা ও যাত্রী ভোগান্তি লাঘবে স্থাপন করা হচ্ছে বিশেষ কন্ট্রোলরুম, কার্যকর থাকবে মন্ত্রণালয়ের মনিটরিং টিম।”

এছাড়া কন্ট্রোল রুমে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হবে বলেও জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক অস্থিরতা ও নানান কর্মসুচির কারণে মহানগরীতে যানজট অসহনীয় হয়ে উঠেছে। রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার পাশাপাশি বিভিন্ন স্টেক হোল্ডারদের সমন্বিত ও কার্যকর প্রয়াসের মাধ্যমে যানজট কমানো সম্ভব।

পরিদর্শনকালে মন্ত্রী পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দকে মূল সড়ক হতে অপেক্ষমান পরিবহন সরিয়ে নেয়ার নির্দেশ দেন।

এ সময়  সড়ক ও জনপথ অধিদপ্তর ঢাকা সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহাবুদ্দিন, নির্বাহী প্রকৌশলী সৈয়দ আসলাম আলী, ট্রাফিক বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাগণসহ পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।