রানা প্লাজা ধস: দুই প্রকৌশলীর জামিন ফের নাকচ
রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের হওয়া অপরাধজনক প্রাণনাশ এবং ইমারত নির্মাণ আইনের দুই মামলায় সাভার পৌরসভার দুই প্রকৌশলীর জামিন আবেদন নাকচ করেছেন এবার ঢাকার জেলা জজ।
মঙ্গলবার জেলা জজ মো. আব্দুল মজিদ নির্বাহী প্রকৌশলী মো. এমতেমাম হোসেন এবং সহকারী প্রকৌশলী আলম মিয়ার জামিন আবেদন নাকচ করেন।
এর আগে ১৯ জুন তাদের পক্ষে জামিনের আবেদন ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালত নাকচ করেছিল।
গত ৮ জুলাই এ মামলার আসামির হয়ে লড়ার ওপর আইনজীবীদের ওপর নিষেধাজ্ঞা ঢাকা আইনজীবী সমিতি নিষেধাজ্ঞা তুলে নেয়।
নিষেধাজ্ঞা থাকায় আগের বার এই দুই প্রকৌশলীর পক্ষে জামিনের আবেদন করেছিলেন অন্য আইনজীবী সমিতির আইনজীবীরা।
গত ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে ১ হাজারের বেশি পোশাক শ্রমিক নিহত হন।
এ ঘটনার পরদিন সাভার থানার এসআই ওয়ালী আশরাফ খান অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে রানা প্লাজার মালিক সোহেল রানাসহ প্রকৌশলী ও কারখানা মালিকদের বিরুদ্ধে মামলা করেন।
দুই প্রকৌশলীর জামিন আবেদনের শুনানিতে ঢাকা বারের সবেক সভাপতি আলতাফ হোসেন বলেন, আসামি এমতেমাম ও আলম মিয়া এই ভবনের নকশা অনুমোদনের অনেক পরে ২০১১ সালের শেষ দিকে সাভার পৌরসভায় প্রকৌশলী হিসেবে নিয়োগ পান।
ওই ভবনের নির্মাণের সঙ্গে দু্ই প্রকৌশলীর কোনো সংশ্লিষ্টতা না পাওয়ায় তাদের বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ও কোনো ব্যবস্থা নেয়নি বলে তিনি আদালতকে জানান।
ধসের আগের দিন ফাটল ধরার বিষয়টি তুলে ধরে বিচারক আইনজীবীদেরকে জিজ্ঞাসা করেন, দুই প্রকৌশলী কেন কোনো ব্যবস্থা তখন নেয়নি?
উত্তরে আইনজীবীরা বলেন, প্রভাবশালী রানার ভয়ে প্রকৌশলীরা কোনো ব্যবস্থা নিতে পারেননি।
