শাহবাগে অবস্থান থাকছে
হরতাল শেষ করার পর আগের মতো আলী আহসান মো. মুজাহিদের যুদ্ধাপরাধ মামলার রায় ঘোষণার আগ পর্যন্ত শাহবাগে অবস্থান করবে গণজাগরণ মঞ্চ।
গোলাম আযমের কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করে হরতালের মধ্যে মঙ্গলবার দুপুরে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এই ঘোষণা দেন।
“আগের মতোই শাহবাগে অবস্থান চলবে আগামীকাল মুজাহিদের রায় ঘোষণার আগ পর্যন্ত। রায়ের পর আমরা এখান থেকেই প্রতিক্রিয়া জানাব।”
গোলাম আযমের কারাদণ্ডের রায়ে গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি মন্তব্য করেন ইমরান।
তিনি আশা করছেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল মুজাহিদের মামলার রায়ে গণমানুষের আশার প্রতিফলন ঘটবে।
এর আগে হরতালের সমর্থনে সকাল দুই দফায় শাহবাগে অবস্থান নিয়ে মিছিল সমাবেশ করতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়ে গণজাগরণ মঞ্চের কর্মীরা।
যুদ্ধাপরাধ প্রমাণিত হওয়ার পরেও গোলাম আযমের সর্বোচ্চ শাস্তি না হওয়ায় ক্ষুব্ধ গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা ভোরেই শাহবাগের প্রজন্ম চত্বরে জড়ো হন। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলনরত ছাত্র ও যুব সংগঠনগুলোও তাদের সঙ্গে যোগ দেয়।
সকাল সাড়ে ৭টার দিকে মিছিল শুরুর পর পুলিশ তাদের বাধা দেয় বলে জানান মঞ্চের অন্যতম উদ্যোক্তা ব্লগার মারুফ রসুল।
তিনি জানান, মিছিল নিয়ে কাঁটাবন, মৎস্য ভবন ও হোটেল রূপসী বাংলা মোড় ঘুরে আসার পর শাহবাগে সমাবেশ করতে চাইলে পুলিশের পক্ষ থেকে নিষেধ করা হয়। পুলিশ তাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরেই থাকতে বলে।
শাহবাগের প্রজন্ম চত্বর ঘিরে কয়েকশ পুলিশ মোতায়েন থাকতে দেখা যায় এ সময়।
এরপর জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে যুদ্ধাপরাধীর ফাঁসি ও হরতালের সমর্থনে স্লোগান দেয় জাগরণ মঞ্চের কর্মীরা।
সকাল ১০টার দিকে সাড়ে মঞ্চের অন্যতম সংগঠক মারুফ রসুল, বাপ্পাদিত্য বসু ও এসএম শুভর নেতৃত্বে নেতাকর্মীরা হরতালের সমর্থনে দ্বিতীয় দফায় মিছিল নিয়ে কাটাবান ঘুরে শাহবাগে পৌঁছে মৎস্য ভবনের দিকে যেতে চাইলে পুলিশ তাদের আটকে দেয়।
পুলিশি বাধা উপেক্ষা করে শিশুপার্ক এলাকা ঘুরে টিএসসিতে যায় জাগরণ মঞ্চের মিছিল। এরপর আবার তারা শাহবাগে ফিরে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করে।
গণজাগরণ মঞ্চের মিছিল থেকে গোলাম আযমসহ সব যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবির পাশাপাশি প্রথমবারের মতো নতুন কিছু স্লোগান শোনা যায়।
‘রাজাকারের পাহারাদার/শেখ হাসিনার সরকার’, ‘আপসের এই রায়/ মানি না মানব না’, ‘লীগ-বিএনপি সরকার,/রাজাকারের পাহারাদার’, ‘জোট-মহাজোট সরকার/রাজাকারের পাহারাদার’ প্রভৃতি স্লোগান দেয়া হয় মিছিল থেকে।
সমাবেশে বাধার বিষয়ে শাহবাগ পুলিশের পরিদর্শক (তদন্ত) এম এ জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাদের বাধা দেয়া হয়নি, সড়কে অবস্থান নিয়ে যান চলাচলে বিঘ্ন ঘটাতে নিষেধ করা হয়েছে। তাদের বিশ্ববিদ্যালয় এলাকার ভেতরে সরে যেতে অনুরোধ করেছি আমরা।”
পুলিশের সহকারী কমিশনার শিবলী নোমান বলেন, “মানুষের ভোগান্তি এড়াতেই এ ব্যবস্থা নিতে হয়েছে।”
মারুফ রসুল জানান, গোলাম আযমের ফাঁসির দাবিতে সকাল-সন্ধ্যা হরতালে রাজধানীর ২০ পয়েন্টে অবস্থান নেয় মঞ্চের কর্মীরা।
শাহবাগের গণজাগরণ মঞ্চ ছাড়াও মিরপুর ১ ও ১০, পল্টন, যাত্রাবাড়ী, মালিবাগ, খিলগাঁও, আবদুল্লাহপুর, টেকনিক্যাল মোড়, মোহাম্মদপুর টাউন হল, আজিমপুর, সাভার ও নতুন বাজারে হরতালের সমর্থনে অবস্থান নেয় মঞ্চের কর্মীরা।
যুদ্ধাপরাধের পাঁচটি অভিযোগ প্রমাণিত জানিয়ে জামায়াতের মুক্তিযুদ্ধকালীন আমির গোলাম আযমকে বয়স ও স্বাস্থ্যের অবস্থা বিবেচনায় মোট ৯০ বছরের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার ওই রায় ঘোষণার পরপরই বিক্ষোভে ফেটে পড়ে গণজাগরণ মঞ্চের কর্মীরা। বিকালে তারা সারা দেশে হরতালের ডাক দেয়।
হাতবোমা উদ্ধার
শাহবাগ গণজাগরণ মঞ্চের কয়েকশ’ গজের মধ্যে চারুকলার বিপরীত পাশে ছবির হাট থেকে নয়টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সাড়ে ৩টার দিকে একটি গাছের গোড়া থেকে অবিস্ফোরিত অবস্থায় হাতবোমাগুলো উদ্ধার করা হয়।
সোমবার বিকাল ও রাতে শাহবাগে দুই দফা হাতবোমার বিস্ফোরণ ঘটেছিল।
শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছবির হাটে কাঁঠাল গাছের গোড়ায় বোমা সদৃশ কিছু বস্তু দেখা যাচ্ছে এমন সংবাদ পেয়ে শাহবাগ থানার একটি টিম গিয়ে হাতবোমাগুলো উদ্ধার করে।
তিনি আরো বলেন, হরতালকে কেন্দ্র করে সহিংসতা এবং মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে কেউ হাতবোমাগুলো রেখে যেতে পারে।
গোলাম আযমের কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করে জামায়াতও মঙ্গলবার দেশব্যাপী হরতাল ডাকে।
