চাঁদপুরে জামায়াত-শিবিরের ৫ কর্মী আটক
চাঁদপুরে হরতালের শুরুতেই বিভিন্ন এলাকা থেকে জামায়াত-শিবিরের পাঁচকর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার সকালে চাঁদপুর-কুমিল্লা সড়কের বাকিলা এলাকায় পিকেটিংয়ের সময় একজনকে আটক করা হয় এবং এর আগে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে আরো ৪ জনকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
চাঁদপুর পুলিশ সুপার মো. আমির জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে শহরের মিশন রোড এলাকায় কয়েকটি অটোরিকশা ভাংচুর ও রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিংয়ের চেষ্টা করে শিবির কর্মীরা। এছাড়া শাহরাস্তি উপজেলায় কয়েকটি যানবাহন ভাংচুর করে।
হরতালে জেলার অভ্যন্তরীন যান চলাচল স্বাভাবিক থাকলেও বন্ধ রয়েছে দূরপাল্লার বাস। ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক। খোলা রয়েছে অধিকাংশ দোকানপাট।
গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।
জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমের বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলার রায় দেয়ার দিন সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি।
