গাজীপুরে হরতালের আগের রাতে সহিংসতা
গাজীপুরে হরতালের আগের রাতে যানবাহনে অগ্নিসংযোগ, ভাংচুর করেছে এবং হাতবোমা ফাটিয়েছে দুর্বৃত্তরা।
জামায়াতের সাবেক আমীর গোলাম আযমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলার রায় দেয়ার দিন সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে পালন করছে জামায়াত-শিবির।
জয়দেবপুর থানার ওসি এসএম কামরুজ্জামান জানান, সোমবার হরতালের সকালে কোথাও কোন গোলযোগের খবর পাওয়া যায় নি।
তবে, কালিয়াকৈর উপজেলার সফিপুরে রোববার রাতে দুর্বৃত্তরা মালবোঝাই একটি ট্রাক পুড়িয়ে দিয়েছে।
একই সময় টঙ্গীতে হরতাল সমর্থকরা হাতবোমার বিস্ফোরণ এবং বেশকিছু গাড়ি ভাংচুর করেছে।
এতে প্রায় ৮/৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
টঙ্গী থানার ওসি আবুল কালাম আজাদ জানান, রাতে ৮/১০ জন পিকেটার চেরাগ আলী বাজার এলাকায় একটি গলি থেকে মিছিল নিয়ে পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বের হয়। সেখানে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় এবং ইটপাটকেল ছুঁড়ে ক’টি বাসের জানালার কাঁচ ভাংচুর করে পালিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গাজীপুর প্রতিনিধি জানিয়েছেন, হরতালের সকালে দূরপাল্লার যান বন্ধ থাকলেও সেখানে অভ্যন্তরীণ বাহনগুলো চলছে অন্যান্য দিনের মতোই। কারখানা, অফিস-আদালত ও অন্যান্য বাণিজ্যিক কার্যালয়গুলো খোলা রয়েছে।
