উত্তরায় গাড়ির ধাক্কায় ছাত্র নিহত
রাজধানীর উত্তরায় প্রাইভেটকারের ধাক্কায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন।
রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উত্তরা সাত নম্বর সেক্টরে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছে।
নিহতের নাম শরিফ আহমেদ (২৪)। তিনি মোহাম্মদপুরের আহসানউল্লাহ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়তেন।
শরিফের চাচাত ভাই লিখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, শরিফ একটি মোটর সাইকেল চালিয়ে পাঁচ নম্বর সেক্টরের বাসায় ফিরছিলেন। পেছন থেকে একটি প্রাইভেটকার তার মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে শরিফ মারাত্মক আহত হন।
শরিফকে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লিখন ও তার আরো তিন বন্ধু শরিফকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শরিফ উত্তরার চাচার বাড়িতে থেকে পড়াশোনা করতেন। তার বাড়ি খুলনায়।
লিখন জানান, এক ভাই এক বোনের মধ্যে শরিফ ছোট ছিলেন।
