২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত নেতা ইউসুফের পক্ষে শুনানি বৃহস্পতিবার

জামায়াতে ইসলামী সিনিয়র নায়েবে আমির একেএম ইউসুফের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠনে প্রসিকিউশনের শুনানি শেষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2013, 03:14 PM

Updated : 23 Aug 2022, 11:10 AM

আসামি পক্ষের শুনানির জন্য আগামী বৃহস্পতিবার দিন ঠিক করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

রোববার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেয়।

শুনানিতে মুক্তিযুদ্ধের সময় ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ১৫টি অভিযোগের বর্ণনা দেন প্রসিকিউটর হৃষিকেশ সাহা।

এরপর আসামিপক্ষের আইনজীবি সাইফুর রহমান শুনানির জন্য রোববার পর‌্যন্ত সময় চাইলে বৃহস্পতিবার পর‌্যন্ত সময় দিয়ে ট্রাইব্যুনাল মুলতবি ঘোষণা করা হয়।

Image
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের নায়েবে আমির এ কে এম ইউসুফকে গ্রেপ্তার করে র‌্যাব।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের নায়েবে আমির এ কে এম ইউসুফকে গ্রেপ্তার করে র‌্যাব।

এছাড়া বুধবার সকালে ইউসুফের সঙ্গে কারাফটকে তিন আইনজীবীকে দেখা করার অনুমতি দেয় ট্রাইব্যুনাল।

জামায়াতের এ নেতার বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের ১৫টি অভিযোগে তদন্ত চূড়ান্ত করে গত ২২ এপ্রিল চীফ প্রসিকিউটরের কাছে প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। এসব অভিযোগের মধ্যে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাও রয়েছে।

৮ মে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার‌্যালয়ে ১৫টি অভিযোগের ভিত্তিতে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করে তাকে গ্রেপ্তারের আবেদন করে প্রসিকিউশন।

১২ মে প্রসিকিউশনের অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল ইউসুফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘণ্টাখানেকের মধ্যে ধানমণ্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা।

ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কর্মকর্তারা বলছেন, মুক্তিযুদ্ধকালে রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা একেএম ইউসুফ প্রায় ৭০০ জনকে হত্যার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রমাণ পেয়েছেন তারা। এছাড়া তার বিরুদ্ধে ৩০০ বাড়ি ও ৪০০ দোকান লুটের পর অগ্নিসংযোগ এবং ২০০ হিন্দুকে ধর্মান্তর করার অভিযোগের প্রমাণ মিলেছে ।

মুক্তিযুদ্ধের সময় এদেশে পাকিস্তানিদের গঠন করা কথিত মালেক সরকারের মন্ত্রিসভার সদস্য ইউসুফ এক সময় জামায়াতের ভারপ্রাপ্ত আমিরের দায়িত্বও পালন করেছেন।

একাত্তরে পাকিস্তানি সেনাবাহিনীকে হত্যা-লুণ্ঠনে সহায়তা দেয়ার জন্য গঠিত সশস্ত্র বাহিনীর ‘রাজাকার’ নামটিও তিনিই চালু করেন।

ওই সময় কেন্দ্রীয় শান্তি কমিটির নির্দেশে ইউসুফ নিজে চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে প্রথমে বৃহত্তর খুলনা জেলায় (খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট) শান্তি কমিটি গঠন করেন। পরে মহকুমা, থানা এবং ইউনিয়ন পর্যায়ে জামায়াত ও মুসলিম লীগের সদস্যসহ স্বাধীনতাবিরোধীদের নিয়ে শান্তি কমিটি গঠন করেন তিনি।

বিভিন্ন এলাকা থেকে ৯৬ জনকে নিয়ে তিনি খুলনার আনসার ও ভিডিপি ক্যাম্পে সশস্ত্র রাজাকার বাহিনী প্রতিষ্ঠা করেন। ওই অঞ্চলের শান্তি কমিটি, রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীসহ স্বাধীনতাবিরোধীদের নেতৃত্ব দেন।

জামায়াতের উচ্চ পর‌্যায়ের নেতা, বৃহত্তর খুলনার শান্তি কমিটির চেয়ারম্যান, রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা ও মন্ত্রী হিসেবে ইউসুফ পাকিস্তানি সেনাদের বিভিন্ন নির্দেশনা ও পরামর্শ দিতেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ইউসুফ প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, পরামর্শ ও প্ররোচনায় খুলনার বিভিন্ন এলাকায় গণহত্যা, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন ও অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী নানা অপরাধ সংঘটিত হয় বলে তদন্ত কর্মকতারা জানিয়েছেন।

দেশ স্বাধীন হওয়ার পর দালাল আইনে ইউসুফের যাবজ্জীবন কারাদণ্ড হলেও আইনটি বাতিল হলে তিনি ছাড়া পান।