চট্টগ্রামে দুর্ঘটনায় নিহত ২
চট্টগ্রামের পটিয়া উপজেলায় বাস ও অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হন চারজন।
পুলিশ জানায়, রোববার সকালে শান্তিরহাটে এ দুর্ঘটনায় নিহতরা হলেন আবদুল নূরী (৪৫) ও আবদুর শুক্কর (৪৮)।
আহত নূরুল ইসলাম (৩০), নজরুল ইসলাম (৩৫), নাহিদা আক্তার (২২) এবং আবু হাসানকে (২৪) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হতাহত সবাই অটোরিকশার যাত্রী বলে পুলিশ জানিয়েছে।
পটিয়া থানার এসআই রাজীব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম থেকে পটিয়াগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান আবদুল নূরী।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. ইউসুফ জানান, আহত পাঁচজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা শুক্কুরকে মৃত ঘোষণা করেন।
